অন্বেষা দেঃ কলকাতাঃ বিরোধী দলনেতা কে হবেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি শোভনদেব চট্টোপাধ্যায়? আজ কলকাতা হাইকোর্টে ছিল মামলার রায়দান। সেই মামলায় শেষপর্যন্ত ঋতব্রতকে বিরোধী দলনেতা করার স্পিকারের সিদ্ধান্তকে খারিজ করে দিল আদালত। তবে, বিরোধী দলনেতা নির্বাচনে স্পিকারের কোর্টেই বল কলকাতা হাইকোর্টের। বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চের রায় অনুযায়ী, ঋতব্রত আপাতত বিরোধী দলনেতা থাকছেন না। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, বিরোধী দলনেতা কে হবেন, তার সিদ্ধান্ত নেবেন বিধানসভার স্পিকারই। বিরোধী দলনেতা নির্বাচনে ডেডলাইনও বেঁধে দিয়েছেন বিচারপতি।

বিধানসভা নির্বাচনে এবার ৮০টি আসনে জয় পেয়েছে তৃণমূল। সেই হিসেবে রাজ্যের প্রধান বিরোধী দল তারাই। দলের চেয়ারপার্সন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা নির্বাচিত করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়কে। সে কথা স্পিকারকে জানিয়ে গত ৯ মে একটি চিঠি দেওয়া হয় তৃণমূলের তরফে। অভিযোগ, তার ভিত্তিতে স্পিকার কোনও পদক্ষেপই করেননি। পরে ওই চিঠিতে বিধায়কদের সই জাল করার অভিযোগ ওঠে। দলবিরোধী কাজের জন্য ১ জুন বহিষ্কার করা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে। এর পর ৩ জুন বহিষ্কৃত সেই ঋতব্রতকেই বিরোধী দলনেতা বেছে তৃণমূলের বিক্ষুব্ধ ৫৮ জন বিধায়ক স্পিকারকে আর একটি চিঠি দেন।

স্পিকার সেই চিঠির ভিত্তিতে পদক্ষেপ করেন এবং ঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা করেন। এই প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। গত ১৫ ই মে স্পিকার হিসাবে রথীন্দ্র বসু দায়িত্ব গ্রহণ করেন। তার আগে স্পিকার নিযুক্ত না হওয়ায় সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না। তাই স্পিকারকে পাশ কাটিয়ে বিরোধী দলনেতাও নির্বাচন করা যায়নি। এরপর ১৯ মে থেকে ২৪ মে কলকাতার বাইরে ছিলেন স্পিকার। গত ১৯ মে তৃণমূলের তরফে ৬ মে-র একটি স্বাক্ষরিত রেজোলিউশন পাঠানো হয়। পরে বিরোধী পক্ষের অভিযোগ পান স্পিকার। এরপর এফআইআর দায়ের হয়। রাজ্যের এই যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি। এই মামলায় শুনানি চলাকালীন বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল।
Sponsored Ads
Display Your Ads Here
হাইকোর্টে প্রশ্ন তুলেছিল, ৫৪, ৫৫ জন বিধায়কের মধ্যেই কি সিদ্ধান্ত নিতে হল? প্রথম যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাতে কেন স্পিকার গুরুত্ব দিলেন না? গত শনিবার মামলার শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি রাও। যদিও, আজকের রায়ে এই নিয়ে কোনও পর্যবেক্ষণ দেওয়া হয়নি আদালতের তরফে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ জানিয়েছে, ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত আইনসম্মত নয়। বিরোধী দলনেতা কে হবেন, তা নতুন করে সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকে। বেঁধে দেওয়া হয়েছে ডেডলাইন। বিচারপতির রায়, বিরোধী দলনেতা কে হবেন, ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকে। নাম জানাতে হবে বিরোধী দলনেতার। ততদিন পর্যন্ত বিরোধী দলনেতা শব্দটা ব্যবহার করা যাবে না। তাই বিধানসভায় আপাতত বিরোধী দলনেতার পদ শূন্য।










