নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল রাতে হাওড়া স্টেশনে বুলডোজারের দৌরাত্ম্য চলেছিল। আগেই নোটিশ দেওয়া হয়েছিল। এবার রেল পুলিশ বুলডোজার নিয়ে হাওড়া স্টেশনের বাইরে উচ্ছেদ অভিযান চালালো। এতদিন যারা স্টেশনের বাইরে রাস্তায়, ফুটপাথে ডালা সাজিয়ে বসতেন তাদের তুলে দেওয়া হয়েছে। অনেক অস্থায়ী দোকানও তুলে দেওয়া হয়েছে। এককথায় বুলডোজার চালিয়ে গোটা স্টেশন চত্বর পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোরগোল পড়ে যায়।

গতকাল রাতেরবেলা স্টেশনের বাইরে উচ্ছেদ অভিযান দেখতে রীতিমতো ভিড় জমে যায়। যদিও পুলিশ একেবারে কড়া অ্যাকশনে ছিল। মাইক হাতে পুলিশকে বলতে শোনা যায়, “এখানে ভিড় করবেন না। যাত্রীরা স্টেশনে চলে যান, যাদের বাস ধরার বাস ধরুন। এখানে কোনো নাটক হচ্ছে না। আপনারা আপনাদের কাজ করুন। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন।” এদিন প্রচুর পুলিশের সঙ্গে বিরাট সংখ্যক আরপিএফও উপস্থিত ছিল। বুলডোজার দিয়ে দেড়শোর বেশী অবৈধ দোকান ভেঙে ফেলা হয়েছে।

ফুটপাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, “একদিন আগেই রেলের তরফে তাদের জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। তারপরই শনিবার রাতের অপারেশন। অনেকেই তাদের ডালা অন্যত্র সরিয়ে নিতে পেরেছেন।” রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, “যাত্রীদের সুবিধার জন্য এই উচ্ছেদ অভিযান হচ্ছে। এবার থেকে আর যাত্রীদের যাতায়াতের কোনো অসুবিধা হবে না। যাত্রীদের বড়ো অংশ জানিয়েছেন এতে তারাও খুশী।”
Sponsored Ads
Display Your Ads Here









