ব্যুরো নিউজঃ নেপালঃ হড়পা বানে বিধ্বস্ত হয়ে পড়া নেপালকে ত্রাণ সামগ্রী পাঠানোর পাশাপাশি পাশে থাকার বার্তা দিয়েছিল ভারত। এবার পনেরো হাজার কোটি (নেপালের মুদ্রায় চব্বিশ হাজার কোটি) টাকার অর্থসাহায্য ঘোষণা করল ভারত। আজ নেপালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ-র সঙ্গে বৈঠকের পরেই এই সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। বন্যা-পরবর্তী পুনর্নির্মাণ ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য এই অর্থ সাহায্য করা হচ্ছে বলে জানিয়েছে ভারত। একই সঙ্গে সোমবার, দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে আটটি চুক্তিও সই হয়েছে।

চলতি বছর অগস্ট মাসে হড়পা বান নামে নেপাল এবং তিব্বতের সীমান্তে। ভোটেকোশি নদীতে হড়পা বানের জেরে বিপর্যস্ত হয় নেপাল। সব থেকে বেশি ক্ষতি হয় তিব্বত সীমান্তবর্তী নেপালের তিন জেলা রাসুয়া, নুয়াকোট আর ধাদিঙ্গে এলাকা। ওই ঘটনায় মৃত্যু হয় কমবেশি ১৫০০ জনের। এখনও বহু মানুষের খোঁজ পাওয়া যায়নি। ওই হড়পা বানের পরেই বিধ্বস্ত নেপালের জন্য ত্রাণসামগ্রী,ওষুধ এবং অন্যান্য জিনিসপত্র পাঠিয়েছিল ভারত। সেই সঙ্গেই আগামী দিনেই নেপালের পাশে থাকার বার্তা দিয়েছিল নয়াদিল্লি। এরই পাশাপাশি ভার্চুয়ালি উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে নেপালের জনকপুর ধাম পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধনও করেন।

এদিন আর্থিক সাহায্য ঘোষণার পরে নেপালের প্রধানমন্ত্রী ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘‘একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে নেপালে প্রাকৃতিক দুর্যোগ বা কঠিন সময়ে ভারত সর্বদা সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।’’ ভারত ও নেপালের মধ্যকার সম্পর্ক হিমালয়ের মতোই অটল এবং মহাসাগরের মতোই বিশাল বলেও উল্লেখ করেন বলেন্দ্র শাহ। তাঁর মতে, পারস্পরিক শ্রদ্ধা, অবিচল আস্থা এবং অটুট সদিচ্ছাই হলো এই সম্পর্কের ভিত্তি। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ, পরিকাঠামো, যোগাযোগ এবং জলসম্পদ নিয়েও আলোচনা হয়েছে। শিক্ষা এবং স্বাস্থ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের বিষয়েও দুই দেশের মধ্যে চুক্তিতে সই হয়। আগামী দিনেও বিদ্যুৎ-সহ বিভিন্ন ক্ষেত্রে নেপালকে সাহায্য করবে ভারত বলেও জানিয়েছেন মোদী।
Sponsored Ads
Display Your Ads Here









