নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের রামপুরহাটের পাঁচ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় নিজের বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরী হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তিনি আবার রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকারও ছিলেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গেছে, আজ সকাল ৭টায় দলীয় কার্যালয় খুলতেই সেখান থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। রামপুরহাট থানার পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনা সামনে আসতেই সেখানে ভিড় করেন এলাকাবাসী। আপাতত প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। পুলিশ সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যু, তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।

প্রসঙ্গত, আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট বিধানসভার পাঁচবারের বিধায়ক ছিলেন। তৃণমূল ক্ষমতায় আসার পর মন্ত্রী হিসেবে একাধিক দফতরের দায়িত্ব সামলেছেন। কখনও স্কুল শিক্ষামন্ত্রী, কখনও কৃষিমন্ত্রী, আবার আয়ুষ মন্ত্রীও ছিলেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর তাঁকে ডেপুটি স্পিকার নির্বাচিত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনেও রামপুরহাট বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন। কিন্তু, বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন তিনি। জেলা রাজনীতিতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন তিনি। তবে, রাজ্যে পালাবদলের পর জুন মাসেই জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। একইসঙ্গে বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্যপদও ছাড়েন।
Sponsored Ads
Display Your Ads Here









