নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ দু’দিনের টানা বৃষ্টি ও কচুরিপানার চাপে খানাকুল এলাকায় হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলার সংযোগকারী একটি বাঁশের সেতু ভেঙে গেল। এর ফলে দুই পাড়ের মানুষের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাতে সমস্যায় পড়েছেন বহু মানুষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খানাকুলের জগৎপুর পঞ্চায়েতের গড়েরঘাট ও পশ্চিম মেদিনীপুরের জোৎকানুরামগড়ের মাঝে রূপনারায়ণ নদের উপরে এই বাঁশের সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করতেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুটি দুর্বল হয়ে পড়েছিল। গত কয়েক দিন ধরেই খানাকুলে বৃষ্টি হচ্ছে। তাতে নদীর জলও বেড়ে গিয়েছে। স্থানীয়দের দাবি, নদীর জলে ভেসে আসা কচুরিপানার চাপে এবং জলের তোড়ে বাঁশের সেতু ভেঙে গিয়েছে। এ দিন দুপুরের দিকে সেতুর মাঝের অংশ ভেঙে পড়ে। খবর পেয়ে এলাকায় ছুটে যান খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। তিনি জানিয়েছেন, বিকল্প হিসাবে আপাতত নৌকো পারাপারের ব্যবস্থা করা হচ্ছে।

নিত্যযাত্রী সুব্রত হাজরা বলেন, ‘আমরা নিত্যদিন এই সেতু দিয়ে যাতায়াত করি। গড়ের ঘাট থেকে রূপনারায়ণ নদী পার হয়ে আমরা সহজেই ঘাটাল শহরে পৌঁছে যেতে পারি। এখান থেকে আরামবাগের দূরত্ব প্রায় ৩৫–৪০ কিমি। অথচ, ঘাটাল বড়জোর সাত–আট কিমি হবে। সেজন্য আমরা এই পথটা পছন্দ করি। কিন্তু সেতুটি ভেঙে পড়ায় আমাদের খুবই সমস্যা হবে।’ বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, ‘‘জলের স্রোত ও কচুরিপানার চাপেই সেতুটি ভেঙে গিয়েছে। যাত্রীদের সুবিধার্থে আমি আপাতত নৌকোর ব্যবস্থা করে দিয়েছি।’’
Sponsored Ads
Display Your Ads Here









