নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার আন্দুল ঝোরহাট মাড়োয়ারি বাগান এলাকায় বুধবার রাতে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি। সশস্ত্র দুষ্কৃতীরা দোকানে ঢুকে মালিককে বেধড়ক মারধর করে তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে সর্বস্ব হাতিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। বুধবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ। এলাকার সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, তিন দুষ্কৃতী মোটরবাইকে চেপে দোকানের সামনে আসে। তাদের দু’জনের মুখে মাস্ক এবং একজনের মাথায় হেলমেট ছিল। সেই সময় দোকানে একাই ছিলেন মালিক অনিমেষ সামন্ত। দুষ্কৃতীরা দোকানে ঢুকেই অনিমেষকে মারধর শুরু করে বলে অভিযোগ। পরে অনিমেষের মাথায় বন্দুক ঠেকিয়ে সোনা ও রূপার গয়না লুট করে পালায় দুষ্কৃতীরা। সূত্রের খবর, ধনতেরসের আগে দোকানে সোনা ও রুপোর গয়না বেশি মজুত রেখেছিলেন দোকানের মালিক। পুলিশের একটি সূত্রের সন্দেহ, কোনও ভাবে সেই খবর আগেই পেয়েছিল দুষ্কৃতীরা।

এই ঘটনায় গুরুতর জখম দোকান মালিক। তাঁকে স্থানীয় ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ব্যবসায়ীর পরিবারের দাবি, প্রায় এক কোটি টাকার গয়না লুট হয়েছে। খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দোকান ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
Sponsored Ads
Display Your Ads Here









