রায়া দাসঃ কলকাতাঃ রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার আসতেই শুভেন্দু অধিকারী বাল্য বিবাহ রুখতে কড়া পদক্ষেপ করেছেন। ১৮ বছরের আগে যে মেয়েরা সন্তানের জন্ম দিয়েছেন, তাদের স্বামীর বিরুদ্ধে পকসো আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন। সঙ্গে অভিভাবকদেরও সতর্ক থাকতে বলেছিলেন। এমনকি, যে পুরোহিত ও কাজি এই বিয়ে দেবেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এবার বাল্যবিবাহ রুখতে আরও উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। আগামী ২৭ নভেম্বর রাজ্যজুড়ে সমস্ত সরকারি, সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলে বাল্যবিবাহ বিরোধী বিশেষ কর্মসূচি পালিত হবে। ওইদিন বিশেষ সমাবেশে পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা একসঙ্গে বাল্যবিবাহ ও জোর করে বিয়ে দেওয়ার বিরুদ্ধে শপথ নেবেন।

কেন্দ্রীয় সরকারের ‘বাল বিবাহ মুক্ত ভারত’ অভিযানের অংশ হিসেবে বাংলা ও ইংরেজিতে শপথবাক্য পাঠানো হয়েছে। স্কুলে স্কুলে সচেতনতামূলক পোস্টার প্রদর্শনের পাশাপাশি কর্মসূচির ছবি ও রিপোর্ট জেলাশাসকের দফতরে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে, বিয়ের মরশুমে বাল্যবিবাহের প্রবণতা রুখতে রাজ্যজুড়ে ১০০ দিনের বিশেষ প্রচার কর্মসূচি চালানোর পরিকল্পনা করেছে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর। অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত বিয়ের মরশুমকে সামনে রেখে ব্লকে ব্লকে এই প্রচার চলবে।

এই প্রস্তাবে সাড়া দিয়েছে কেন্দ্রীয় সরকারও। প্রচারে বাল্যবিবাহ যে আইনত অপরাধ এবং আইন ভাঙলে কী শাস্তি হতে পারে, তা সাধারণ মানুষকে জানানো হবে। পাশাপাশি, ১৮ বছর বয়সের আগে মেয়েদের বিয়ে হলে তাঁদের শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়ে, সে বিষয়েও সচেতন করা হবে। ছোট থেকেই পড়ুয়াদের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
Sponsored Ads
Display Your Ads Here









