নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ চিকিৎসার নামে মহিলার শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ উঠেছে হাওড়ার জগৎবল্লভপুরের একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। ওই ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার দাবি জানিয়ে বিক্ষোভও দেখান বাসিন্দারা। মঙ্গলবারের এই ঘটনায় তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, হাওড়ার জগৎবল্লভপুরে অবস্থিত সুপরিচিত ডায়াগনস্টিক সেন্টারে রুটিন রিপোর্ট করাতে এসেছিলেন এক মহিলা। ইনজেকশন দেওয়ার নামে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল অন্য একটি ঘরে। ওই ঘরেই ইনজেকশন দেওয়ার অছিলায় তাঁর সঙ্গে অত্যন্ত আপত্তিকর ও অমানবিক আচরণ করা হয় বলে অভিযোগ। ওই মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মীর বিরুদ্ধে। এর পরেই ওই মহিলা সাহস সঞ্চয় করে চিকিৎসকের কাছে গিয়ে সরাসরি এই নিয়ে প্রশ্ন তোলেন। যদিও এমন ঘটনা হওয়ার কথা নয় বলে দাবি করেন ওই চিকিৎসক বলেও জানা গিয়েছে।

তার পরেই পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানান ওই মহিলা। ঘটনার কথা চাউর হতেই ডায়াগনস্টিক সেন্টারে হাজির হন ক্ষুব্ধ পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। সেন্টারের ভিতরে ও বাইরে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিও করেন তাঁরা। খবর পেয়ে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা। জয়ন্ত পাত্র নামে ওই পলাতক ওই অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
Sponsored Ads
Display Your Ads Here









