মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ থাইল্যান্ডের প্রিমিয়াম প্রজাতির পেয়ারার চারাগাছ চুরির অভিযোগে হাবরা থানার পুলিশ ৩ জন যুবককে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন তাহাজুল মণ্ডল, শাহরুখ মণ্ডল এবং সাহাবুদ্দিন মণ্ডল। অভিযুক্তেরা দেড় লক্ষ টাকার পেয়ারার চারাগাছ চুরি করে বলে অভিযোগ। ধৃত তাহাজুলের বাড়ি হাবরায়। শাহরুখ ও সাহাবুদ্দিনের বাড়ি দেগঙ্গায়।

পুলিশ সূত্রে খবর, চুরি যাওয়া চারাগাছের বাজার মূল্য দেড় লক্ষ টাকা। বৃহস্পতিবার ধৃতদের বারাসত আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতদের জেরা করে চুরি যাওয়া চারাগাছের উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। হাবরার মারাকপুর এলাকায় থাইল্যান্ডের প্রিমিয়াম প্রজাতি ‘রেড ড্রাগন’ পেয়ারার চাষ করেন ফয়সাল আমিন বৈদ্য। নিজের মাঠেই ওই চারাগাছগুলি লাগিয়েছিলেন তিনি। কিন্তু বুধবার গভীর রাতে চাষের মাঠ থেকে ৯০টি থাইল্যান্ডের রেড ড্রাগন পেয়ারার চারাগাছ চুরি করা হয়।ক্ষতিগ্রস্থ চাষীর অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

রেড ড্রাগন পেয়ারা উচ্চ ফলনশীল। বছরে দুই তিন বার ফলন হয়। পেয়ারার খোসার রং লাল ও গোলাপি আভার। কিন্তু ভিতরের অংশটি গাঢ় লাল রংয়ের। এই প্রজাতির প্রতিটি চারাগাছের দাম প্রায় ১২০০ থেকে ১৫০০ টাকা। প্রতিটি পেয়ারার ওজন সাধারণত ৩০০ থেকে ৫০০ গ্রামের হয়ে থাকে। খোলা বাজারে কেজি প্রতি ৩০০-র বেশি টাকায় বিক্রি হয়।
Sponsored Ads
Display Your Ads Here









