নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ শীতের আমেজ পড়তেই পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গ্রামে গ্রামে শুরু হয়েছে গয়নাবড়ি তৈরির ব্যস্ততা। মহিষাদলের মহিলাদের হাতের কারুকার্যে তৈরি ফুল, লতাপাতা, পাখি থেকে শুরু করে নানা ধরনের অলংকারের নকশা করা সেই বড়ি এখন বাংলার গণ্ডি পেরিয়ে পাড়ি দিচ্ছে বিদেশে। মহিষাদলের পূর্ব শ্রীরামপুর, চাঁদপাত্র, গোপালপুর, রঙ্গিবসান-সহ বিভিন্ন গ্রামের বহু মহিলা বংশপরম্পরায় এই বড়ি তৈরির কাজ করে আসছেন। বিউলির ডাল, পোস্ত ও সাদা তিল দিয়ে তৈরি হয় এই বিশেষ বড়ি। গয়নাবড়ি তৈরির জন্য শীতের মৃদু রোদ ও শুকনো হাওয়া অত্যন্ত জরুরি। তাই অগ্রহায়ণ মাস থেকেই বাড়ির উঠোনে উঠোনে শুরু হয়।

মহিষাদলের এই গয়নাবড়ি ওড়িশা, পাঞ্জাব, বিহার, মুম্বই, গুজরাত সহ ভারতের বিভিন্ন রাজ্য সহ ক্যালিফোর্নিয়া, আমেরিকা ও বাংলাদেশে পৌঁছেছে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে দীর্ঘদিন ধরে কাজ করছে মহিষাদলের বিশ্বকলা কেন্দ্র। সংস্থার সদস্য পাপিয়া সামন্ত, সুষমা চক্রবর্তী-সহ বহু মহিলা সরাসরি গয়নাবড়ি তৈরির সঙ্গে যুক্ত রয়েছেন। বড়ি প্রস্তুতকারক মহিলাদের উৎসাহ দেওয়ার পাশাপাশি তাঁদের বিভিন্নভাবে সহযোগিতা করে। সংস্থার মাধ্যমেই মহিষাদলের গয়নাবড়ি দেশ-বিদেশে পৌঁছে যাচ্ছে। বিশ্বকলা কেন্দ্রের বিশ্বনাথ গোস্বামী জানান, আমেরিকায় বসবাসকারী তপন মান্না দেশে ফিরে এসে গয়নাবড়ি এবার সংগ্রহ করেছেন। মহিষাদলের এই শিল্প যাতে আগামিদিনে জিআই স্বীকৃতি পায়, তার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

এলাকার গৃহবধূদের কথায়, “শীত পড়লেই এই বড়ির চাহিদা বাড়ে। কখনো কখনো একসাথে দশ কেজিরও বেশী বিউলির ডাল ভিজিয়ে শিলনোড়ায় বেটে, ভালোভাবে ফেটিয়ে বাড়ির সকলে মিলে বড়ি দেওয়া হয়। আধুনিক যন্ত্রে ডাল বাটার ব্যবস্থা থাকলেও হাতে বাটার মতো মসৃণ ভাব মেশিনে পাওয়া যায় না। তাই হাতে তৈরী বড়ির উপরই ভরসা রাখতে হয়।” আবার কেউ জানান, “গয়নাবড়ি তৈরী করেই শীতের মরশুমে অতিরিক্ত রোজগারের মুখ দেখি। আগে সংসারে টাকার সমস্যা ছিল। এখন অন্নপূর্ণা প্রকল্পের টাকা পেয়ে সেই অর্থ বড়ির কাজে লাগিয়েছি। বড়ি বিক্রি হলে আরো কিছু উপার্জন হবে বলে আশা করছি।”
Sponsored Ads
Display Your Ads Here









