নিজস্ব সংবাদদাতাঃ খড়গপুরঃ গতকাল খড়গপুরে ঢোকার আগে হাতিগোলা ব্রিজের কাছে হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রেল পুলিশ। বুধবার ওই কাণ্ড ঘটানোর অভিযোগে খড়্গপুরের ইন্দার বাসিন্দা শশাঙ্ক পাত্রকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। রেল পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধৃত যুবক ট্রেনে পাথর ছোড়ার কথা স্বীকার করেছেন। তিনি কেন ওই ট্রেনে পাথর ছুঁড়েছিলেন, তাঁর সঙ্গে আর কেউ ছিল কি না সেটা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় খড়গপুরে ঢোকার ঠিক আগে হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটে। খড়্গপুরে ঢোকার এক-দেড় কিলোমিটার আগে রয়েছে হাতিগোলা ব্রিজ। সেখানেই পাথরের আঘাতে ট্রেনের ডি ৮ কামরার জানালার কাঁচ ভেঙে গিয়েছিল। জানালার লোহার রডও বেঁকে গিয়েছিল। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন কামরার যাত্রীরা। ট্রেনটি খড়গপুর স্টেশনে এলে রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় কিছু যাত্রী। এরপরই তদন্ত শুরু করে রেল পুলিশ। গোপান সূত্র মারফত খবর পেয়ে খড়্গপুরের ইন্দা এলাকা থেকে শশাঙ্ক পাত্র নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।










