ব্যুরো নিউজঃ ভিয়েতনামঃ আচমকাই আজ ভিয়েতনামের হ্যানয়ের ডং দা এলাকার নগুয়েন ভ্যান তুয়েতের রাস্তায় বিকট বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে একটি জনপ্রিয় রেস্তোরাঁর একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। শুধু তাই নয়, বিস্ফোরণের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের একাধিক বাড়িও। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান অনেকে। মঙ্গলবারের এই ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছ’জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ১০ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে বলে অনুমান করছে ভিয়েতনামের পুলিশ। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দোকানটির একাংশ সম্পূর্ণ ধসে পড়ে। আশপাশের বাড়ির জানলার কাচ ভেঙে যায়, দেওয়ালেও ফাটল ধরে। রাস্তার উপরে ছড়িয়ে পড়ে বাড়ির ভাঙা অংশ ও ধ্বংসাবশেষ। কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের তলায় কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে আনা হয় বিশেষ যন্ত্রপাতি ও স্নিফার ডগ। দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এই শক্তিশালী বিস্ফোরণের জেরে আশপাশের বাড়িগুলির কাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি বাড়ির দেওয়ালে বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়েছে ছাদ ও জানলার অংশ। নিরাপত্তার কথা মাথায় রেখে আশপাশের বিপজ্জনক বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। উদ্ধারকাজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাতেও চলছে নজরদারি। প্রাথমিক ভাবে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকেই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। তবে গ্যাস লিক, সিলিন্ডারের ত্রুটি নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে ভিয়েতনাম সরকার।
Sponsored Ads
Display Your Ads Here









