অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ দূরপাল্লার সরকারী বাসে অনলাইন টিকিট কাটার নিয়মে রদবদল করল পরিবহণ দপ্তর। ঠিক হয়েছে এখন থেকে মোট আসনের মাত্র ৩০ শতাংশের টিকিট অনলাইনে পাওয়া যাবে। বাকি ৭০ শতাংশ আসনের জন্য যাত্রীদের যেতে হবে সংশ্লিষ্ট বাস ডিপোর কাউন্টারে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের দূরপাল্লার পরিষেবায় এই বিধি চালু হয়েছে। গত শুক্রবার নির্দেশিকা জারির পরে শনিবার থেকেই নতুন ব্যবস্থা কার্যকর হয়েছে।

আচমকা এই পরিবর্তনে অনলাইনে টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়ছেন বহু যাত্রী। এই সপ্তাহের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে পরিবহণ দপ্তরের আশা। সরকারী বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ ঘিরে তৈরী হওয়া অনিয়মই এই সিদ্ধান্তের মূল কারণ বলে দপ্তর সূত্রে খবর। নতুন সরকার ক্ষমতায় এসে মহিলাদের ‘শূন্য’ ভাড়ায় বাসযাত্রার সুবিধে চালু করে। দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি কলকাতা থেকে দিঘা, পুরী, শিলিগুড়ির মতো দূরবর্তী গন্তব্যের বাসেও এই সুবিধে দেওয়ার কথা ঘোষণা করা হয়। পরে ‘পিঙ্ক কার্ড’ চালুর পরিকল্পনা থাকলেও আপাতত আধার কার্ডের তথ্য ও ফোন নম্বর দিয়েই মহিলারা অনলাইনে আসন সংরক্ষণ করতে পারছেন।

অভিযোগ, এই ব্যবস্থার সুবিধে নিয়ে মহিলাদের অনেকেই একসঙ্গে একাধিক বাসে টিকিট বুক করে আসন আটকে রাখছেন। মনে করা হচ্ছে, কোনও মহিলার হয়তো কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার কথা। দেখা গিয়েছে, তিনি পর পর দু’দিন সকাল থেকে রাতের মধ্যে হয়তো ওই রুটের একাধিক বাসের টিকিট কেটে রেখেছেন। নিজের সুবিধে মতো দিনে ও সময়ে তিনি বাসে চেপে যাচ্ছেন। বাকি বুকিং খালি পড়ে থাকছে। বুকিংয়ের সময় নাম ও ফোন নম্বর দিলেই আসন সংরক্ষিত হয়ে যাওয়ায় একাধিক বুকিংয়ের ক্ষেত্রে যাচাই বা সীমারেখা ছিল না।
Sponsored Ads
Display Your Ads Here
বিনামূল্যের টিকিট বলে বুকিং বাতিল না করলেও, বাসে না উঠলেও তাঁদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছিল না। ফলে অনলাইনে আসন পূর্ণ দেখালেও বাস্তবে বাসে বহু আসন ফাঁকা থাকছিল। এ ছাড়াও, দূরের গন্তব্যের টিকিট কেটে মাঝপথে নেমে পড়ার অভিযোগ উঠেছে। এতে নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত যেতে ইচ্ছুক যাত্রীরা আসন না পেয়ে বেসরকারি বাসের উপরে নির্ভর করতে বাধ্য হচ্ছিলেন। একদিকে তাঁদের খরচ বাড়ছিল, অন্যদিকে ফাঁকা আসন নিয়ে বাস চালাতে গিয়ে সরকারি পরিবহণ সংস্থাগুলির আয় কমছিল। প্রায় পাঁচ মাস ধরে এই অনিয়মের জেরে রাজস্ব ক্ষতি এবং যাত্রীদের অভিযোগ জমছিল বলে পরিবহণ দপ্তরের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন।

নতুন নিয়মে বিনামূল্যে যাত্রার আসনও অনলাইন বুকিংয়ের ৩০ শতাংশ সীমার মধ্যেই পড়বে। অবশিষ্ট আসন কাউন্টার থেকেই দেওয়া হবে। আর দপ্তর সূত্রের খবর, সরকারি বাসের কাউন্টার থেকে সাধারণত আগাম টিকিট পাওয়া যায় না। ফলে, কেউ চাইলেই একাধিক বাসের একাধিক টিকিট কেটে রাখতে পারবেন না। আচমকা নিয়ম বদলে অনলাইন নির্ভর যাত্রীরা বিভ্রান্ত হলেও, দপ্তরের দাবি, বুকিং প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হবে। দপ্তরের মতে, অনলাইনে আসন আটকে রেখে যাত্রা না করার প্রবণতা রুখে প্রকৃত যাত্রীদের সুযোগ বাড়ানোই লক্ষ্য। তবে দূরের জেলা থেকে আসা বা যাওয়া যাত্রীদের পক্ষে ডিপোয় গিয়ে টিকিট কাটা সময়সাপেক্ষ হতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here









