"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

টানা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির মুখোমুখি চাষীরা

Share

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ মাঠে ভাসছে সোনালী ফসল। কোথাও আবার ঝোড়ো হাওয়ার দাপটে জমিতেই শুয়ে পড়েছে ধানগাছ। মাঠ থেকে ফসল ওঠার আগেই নেমে এসেছে ঘোর বিপর্যয়। তা দেখে মাথায় হাত পড়েছে হুগলি ও হাওড়া জেলার কৃষকদের। আকভানের প্রভাবে হুগলী, হাওড়া-সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই শুরু হয়েছে একটানা বৃষ্টি। ধান ওঠার মুখে অকাল বৃষ্টিতে এখন চাষীদের মাথায় হাত পড়েছে।

জেলা কৃষি দপ্তরের রিপোর্ট বলছে, হুগলী ও হাওড়া, দুই জেলাতেই বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে বৃষ্টির জল দাঁড়িয়ে যাওয়ায় বহু জায়গায় কাটা ধান জলে ভাসছে। হুগলির আরামবাগ, গোঘাট, পুরশুড়া, খানাকুল, তারকেশ্বর, ধনেখালি, সিঙ্গুর, পোলবা, দাদপুর, জাঙ্গিপাড়া, চন্ডীতলা, পাণ্ডুয়া, হরিপাল, হাওড়ার শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর এবং উলুবেড়িয়ার বিস্তীর্ণ এলাকায় ধানচাষে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা।

আরামবাগের মায়াপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কোরোলা গ্রামের চাষি সৌমেন কোলে বলেন, 'আমি এ বার আট বিঘার মতো ধান চাষ করেছিলাম। আমার প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে। বৃষ্টিতে যা ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে খরচের টাকাটাও উঠবে কি না, জানি না।' বৈদ্যবাটি চক এলাকার কৃষক লক্ষ্মণ ঘোষ বলেন, 'সবে ধান কাটা শুরু করেছিলাম। বৃষ্টিতে সব পণ্ড হয়ে গেল।' আকভানের প্রভাবে হাওড়া জেলার 'শস্যভাণ্ডার' বলে পরিচিত উদয়নারায়ণপুর ব্লকে আলু ও আনাজ চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষিজীবীরা। উদয়নারায়ণপুর ব্লকের প্রতাপচকের বাসিন্দা কার্তিক প্রামাণিক বলেন, "এই সময় আলুচাষ শুরু হয়। অকাল বর্ষণের ফলে আলু চাষের ভালো রকম ক্ষতি হয়েছে। অনেক আনাজ নষ্ট হয়ে গিয়েছে।"

পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হাওড়া জেলার সভাপতি তরুণ ধোলে বলেন ‘অগ্রহায়ণ মাসে পোখরাজ, সুপারসিড ও কলম্বো আলুর চাষ হয়। এই সময়টায় আলুর বীজ রোপণ করা হয়। এই আলুটা সাধারণত পৌষ মাসে ওঠে। যে ভাবে বৃষ্টি হচ্ছে, তাতে যে সব আলুর এখনও চারা হয়নি সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।’ উদয়নারায়ণপুর ছাড়াও বাগনান, আমতা ও শ্যামপুরেও বৃষ্টির কারণে আনাজ চাষে ভালো রকম ক্ষতি হয়েছে। উদ্যানপালন দপ্তরের এক আধিকারিক জানান, “আনাজের খেত জলে ডুবে থাকলে ফসলের ভালো রকম ক্ষতি হয়। তবে বৃষ্টি কমে যাওয়ায় পরে আবহাওয়ার কিছুটা উন্নতি হলে আনাজ চাষিদের গাছের গোড়া ভিজিয়ে কারবেন্ডাজিম এবং ম্যানকোজেব মিশ্রণ প্রতি ১ লিটার জলে ২.৫ গ্রাম হারে স্প্রে করতে পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে চারাগাছগুলো নষ্ট না হয়ে যায়।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30