নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল মা কালীর প্রতিমা বিসর্জনের সময়ে জেনারেটরে চুল জড়িয়ে মৃত্যু হলো এক স্কুলছাত্রীর। মৃতের নাম দিয়া সরকার। বাবুজিনগর হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বাদকুল্লা ২ গ্রাম পঞ্চায়েতের বাপুজি নগর পুরন্দরপুর এলাকায় শুভশ্রী সঙ্ঘ বারোয়ারির কালীপুজোর বিসর্জন ছিল। রাতে গড়িয়াপোতা ঘাটে বিসর্জন দিয়ে ফিরছিল শোভাযাত্রার জেনারেটরবাহী গাড়ি। বছর আঠারোর দিয়া সেই গাড়িতেই ছিলেন। সেই সময়ে আচমকাই জেনারেটরের মোটরে তাঁর চুল আটকে যায়। তাতে সজোরে জেনারেটরে আঘাত পান দিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, মাথা ফেটে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তাহেরপুর থানার পুলিশ। দেহটি তারা উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। শনিবার সেখানে দিয়ার দেহের ময়নাতদন্ত হওয়ার কথা। পাশাপাশি ভাসানে ব্যবহৃত সমস্ত গাড়ি এবং ওই ইঞ্জিন ভ্যান আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তও শুরু হয়েছে।










