নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের নওদায় নয় বছর বয়সী এক নাবালিকাকে খুনের অভিযোগে আটক এক কিশোরী। মৃত নাবালিকার নাম মল্লিকা খাতুন। বয়স ৯ বছর। বৃহস্পতিবার রাতে মৃত নাবালিকার দেহ উদ্ধার করা হয় অভিযুক্ত কিশোরীর বাড়ি থেকে। নাবালিকার পরিবারের দাবি, গয়না হাতানোর জন্যে এই ঘটনা ঘটিয়েছে ওই কিশোরী। মল্লিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত কিশোরীকে আটক করে শুক্রবার বহরমপুরের জুভেনাইল জাস্টিস আদালতে হাজির করানো হয়েছে।

জানা গিয়েছে, নওদা থানার বালি গ্রামের মধ্যমপাড়ার বাসিন্দা মল্লিকা খাতুন স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত। বাবা ইজারুল শেখ পেশায় কৃষক। কাজের সূত্রে ভিন রাজ্যেও যান তিনি। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ন’টা-দশটা নাগাদ মল্লিকার মা ছোট ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য বেলডাঙা ও পরে বহরমপুরে গিয়েছিলেন। বাবা তখন মাঠে চাষের কাজে ব্যস্ত। বাড়িতে ছিল মল্লিকা। অভিযোগ, সেই সময়ে পাশের বাড়িতে থাকা ১৫ বছরের কিশোরী খেলার ছলে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। ওই কিশোরীর বাবা-মা দিল্লিতে থাকায় সে বাড়িতে একাই থাকত।

এদিকে, দুপুরে বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বাবা-মা। শুরু হয় খোঁজাখুঁজি। গ্রামের বিভিন্ন জায়গায় তল্লাশির পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হয়, মাইকে প্রচারও চালানো হয়। এমনকী পলাশী স্টেশনেও খোঁজ চালানো হয়। কিন্তু তার কোনও সন্ধান মেলেনি। এরপরে পরিবারের তরফে নওদা থানায় নিখোঁজের ডায়েরি করা হয়। পুলিশও গ্রামে তল্লাশি শুরু করে। পরিবারের দাবি, রাতভর খোঁজাখুঁজির পরেও প্রথমে কোনও হদিশ মেলেনি। শেষ পর্যন্ত পাশের বাড়ির ওই কিশোরীর ঘরে তল্লাশি চালাতেই চৌকির তলা থেকে উদ্ধার হয় মল্লিকার দেহ। পুলিশ সূত্রে খবর, ওই ঘর থেকেই মল্লিকার সোনার কানের দুল এবং হাত ও গলার রুপোর গয়না উদ্ধার হয়।
Sponsored Ads
Display Your Ads Here
মল্লিকার আত্মীয় আজিজুল শেখের অভিযোগ, গয়না হাতানোর উদ্দেশে পরিকল্পনা করে খুন করা হয়েছে মল্লিকাকে। তাঁর দাবি, ওড়না দিয়ে মল্লিকার হাত-পা বেঁধে শ্বাসরোধ করা হয়েছিল। দেহটি চৌকির তলায় লুকিয়ে রেখে তার উপরেই রাত কাটায় অভিযুক্ত কিশোরী। আজিজুলের কথায়, ‘মায়ের সঙ্গে ডাক্তার দেখাতে গিয়ে ফিরে এসে দেখি মেয়ে নেই। সারারাত খুঁজেও পাইনি। শেষ পর্যন্ত পাশের বাড়ির চৌকির তলা থেকে দেহ উদ্ধার হল। অভিযুক্তের শাস্তির ব্যবস্থা করা হোক।’ নিছক গয়নার লোভ, নাকি এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।










