ব্যুরো নিউজঃ কাশ্মীরঃ উৎসবের মরশুমে কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে পরপর গুলি চালায় জঙ্গিরা। ভরদুপুরে চলছে গুলির লড়াই। গুরুতর আহত হয়েছেন তিন জওয়ান। কুলগামের আখরানে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাচ্ছে বলে জানা যাচ্ছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

জানা যাচ্ছে, একটি বাইকে চেপে গিয়ে গুলি চালায় জঙ্গিরা। পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। চিরুণি তল্লাশি চলছে গোটা এলাকায়। আহত জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, নাকা তল্লাশির সময় চলে হামলা। দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ এই হামলার ঘটনা ঘটে।
এটি কুলগামে রয়েছে সিআরপিএফের ৪৭ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্প। সেই ক্যাম্প লক্ষ্য করে এক হামলাকারী বাইকে চেপে যাওয়ার সময় গুলি চালায়। গুলির আঘাতে আহত হন তিন জওয়ান। ওই হামলাকারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছে কুইক রিঅ্যাকশন টিম। জানা যাচ্ছে, হামলার মূল চক্রী হিসেবে উঠে এসেছে লতিফ মহম্মদ ভাটের নাম। তিনটি নাশকতার ঘটনায় তাঁর হাত আছে বলে অভিযোগ। লতিফকে দীর্ঘদিন ধরে খুঁজছেন গোয়েন্দারা।









