অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ইউনেস্কোর লোগো ব্যবহার করে পুজোর পাস বিক্রির মামলায় প্রধান অভিযুক্ত ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। বুধবার সন্ধ্যায় পোদ্দার কোর্টের কাছ থেকে তাঁকে পাকড়াও করা হয়। উল্লেখ্য, এই মামলায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেপ্তার করা হয়েছে আগেই। তার পর থেকে পলাতক ছিলেন ধ্রুবজ্যোতি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধ্রুবজ্যোতি ‘মাস আর্ট’-এর সেক্রেটারি ছিলেন। থাকতেন টালায়। তবে ইন্দ্রনীলের গ্রেপ্তারির পরেই তিনি রাতারাতি উধাও হয়ে যান বলে অভিযোগ। ইউনেস্কোর লোগো ব্যবহার করে পুজোর পাস বিক্রির ঘটনায় তিনিই মাস্টারমাইন্ড বলে দাবি তদন্তকারীদের। এদিন সূত্র মারফত খবর পেয়ে পোদ্দার কোর্টে হানা দেয় কলকাতা পুলিশের একটি দল। সন্ধ্যা নাগাদ পোদ্দার কোর্ট এবং ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেস রোডের সামনে থেকে ধ্রুবজ্যোতিকে গ্রেপ্তার করেন তাঁরা। ধৃতকে আগামী কাল আদালতে তোলা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। মামলার অভিযোগকারী জয়দীপ মুখোপাধ্যায়ের দাবি, ২০১৪-১৫ থেকে ইন্দ্রনীলের ঘনিষ্ঠ হয়ে ওঠেন ধ্রুবজ্যোতি।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করলে দুর্নীতির আরও অনেক তথ্য সামনে আসতে পারে বলেও দাবি করেছেন তিনি। উল্লেখ্য, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ওঠা পর্যটন দপ্তরের টেন্ডার সংক্রান্ত দুর্নীতির অভিযোগেরও তদন্ত চালাচ্ছে লালবাজার। কলকাতা পুলিশের দাবি, ইন্দ্রনীল-ঘনিষ্ঠ তিনটি সংস্থা ওই দপ্তর থেকে মোট ১৫০টি টেন্ডার পেয়েছিল। অভিযোগ, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় রাজ্যজুড়ে যে প্রসাদ বিতরণ করা হয়, তার বরাত পেয়েছিল ইন্দ্রনীলের এক বন্ধুর সংস্থা। ইন্দ্রনীলের মেয়েকেও ফের লালবাজারে হাজিরার নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে তাঁকে তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবার তাঁকে ফের ডাকা হয়েছে। এ বারও হাজিরা না দিলে কড়া পদক্ষেপের কথা ভাবছে কলকাতা পুলিশ।
Sponsored Ads
Display Your Ads Here









