নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের দুবরাজপুরে চোদ্দ নম্বর জাতীয় সড়কের শাল নদীর ব্রিজে ধস। যুদ্ধকালীন তৎপরতায় চলছে জরুরি মেরামতের কাজ। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এই সেতু দিয়ে বন্ধ পণ্যবাহী যান চলাচল। বুধবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

দুবরাজপুরের গড়গড়া মোড়ের কাছে রানিগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের শাল নদীর ব্রিজের উপরের রাস্তায় হঠাৎ করেই ধস নামার ঘটনা ঘটে। এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে আকস্মিক ধস নামায় চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে এবং বড় ধরনের বিপদের ঝুঁকি এড়াতে মঙ্গলবার থেকেই যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ শুরু করেছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। দায়িত্বরত বেসরকারি ঠিকাদার সংস্থার সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার কল্যাণ মণ্ডল জানান, খবর পাওয়ার পরেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের নির্দেশ মতো দ্রুত টিম নিয়ে ঘটনাস্থলে এসে কাজ শুরু করা হয়েছে।

ব্রিজের মাঝখানের ক্ষতিগ্রস্ত ও খারাপ কংক্রিট প্রায় ৪ মিটার বাই ৪ মিটার অংশ চিপ আউট করে বাদ দেওয়া হচ্ছে। এর পরে স্পেশাল বন্ডিং এজেন্ট কেমিক্যাল, অ্যাডহেসিভ এবং মাইক্রো কংক্রিটের সাহায্যে অতি দ্রুত এটিকে সুপার স্ট্রেন্থে ফিরিয়ে আনার কাজ চলছে। দিন ও রাত ২৪ ঘণ্টাই এই মেরামতের কাজ চলবে বলে জানানো হয়েছে। এই জরুরি মেরামতের কাজের জন্য বর্তমানে জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। দুবরাজপুর থেকে আসানসোলমুখী ভারী গাড়ির যাতায়াত পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র বাস এবং ছোট গাড়ি সীমিত ও নিয়ন্ত্রিত ভাবে চলাচল করছে।
Sponsored Ads
Display Your Ads Here









