নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার তিন ভাই-বোনের দেহ। মৃতদের মধ্যে রয়েছেন ক্যান্সার আক্রান্ত একজন। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের ভিরারের একটি ফ্ল্যাট বাড়ি থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। ওই বন্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দেহগুলি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তিন জনই। অন্তত চার দিন আগে মৃত্যু হয় তাঁদের। মৃতরা হলো কুমার মেহেতা (৫০), দীপেশ মেহেতা (৫২) এবং খেভানা মেহেতা (৪৮)।

সূত্রের খবর, ওই তিন ভাই-বোনের একজন ক্যান্সার আক্রান্ত। একজন ছিলেন পক্ষাঘাতগ্রস্ত। মৃত্যুর আগে গুজরাটি ভাষায় একটি ভিডিয়ো রেকর্ড করেছিলেন করেছিলেন তাঁরা। সেখানে তাঁরা তাঁদের শারীরিক অসুস্থতা ও আর্থিক সংকটের কথা উল্লেখ করেছেন। এই পরিস্থিতি সামাল দিতে না পেরেই চরম পদক্ষেপ করেন ওই তিন জন। স্থানীয় সূত্রে খবর, মুম্বইয়ের বলিঞ্জ থানার ভিরার এলাকা গ্লোবাল সিটির একটি ফ্ল্যাটে থাকতেন ওই তিন জন। ২০২৫ সাল থেকে ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তাঁরা। বলিঞ্জ থানার সিনিয়র ইন্সপেক্টর প্রকাশ কাওয়ালে জানিয়েছেন, ওই আবাসনের বাসিন্দাদের কাছে খবর পেয়ে বৃহস্পতিবার ভোররাতে ওই বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে তিন জনের দেহ উদ্ধার করা হয়।
অন্তত তিন থেকে চার দিন আগে তাঁদের মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ। কী ভাবে তাঁদের মৃত্যু হয় তা জানতে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিন জন যে আর্থিক সমস্যায় ভুগছিলেন তা জানিয়েছেন, তাঁদের অন্য এক বোন। ওই বোন পুলিশকে জানিয়েছেন, দিন কয়েক আগেই তাঁকে ফোন করে ৫০ হাজার টাকা ধার হিসেবে চেয়েছিলেন তাঁরা। ফ্ল্যাট ভাড়া এবং নিত্যদিনের খরচ মেটাতে ওই টাকা চাওয়া হয়েছিল। প্রাথমিক তদন্তে এই ঘটনাকে আত্মহত্যা মনে করা হলেও সব দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।









