নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ সামনেই কালীপুজো উপলক্ষে এবার থানায় থানায় কালীমূর্তি রাখার আবেদন করলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ চট্টোপাধ্যায়ের কথায়, পুলিশ সংস্কৃতির অঙ্গ কালীপুজো। তাই প্রত্যেক থানায় কালীমূর্তি থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। সিউড়িতে একটি অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার সিউড়িতে পুলিশের অনুষ্ঠানে গিয়েছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। সেখান থেকেই তিনি জানান, “প্রত্যেক থানায় সাড়ম্বরে কালীপুজো হোক। রঘু ডাকাতও কিন্তু ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর পুজো করে যেতেন। বাঙালির সংস্কৃতিতে যেমন স্কুলে সরস্বতী পুজো রয়েছে,…পুলিশ সংস্কৃতির অঙ্গ কালীপুজো করানো। এটার মধ্যে ধর্মাচার নেই।” অন্তত শক্তিপীঠ বীরভূমের থানাগুলিতে কালীপুজো করার ও কালীমূর্তি রাখার আবেদন করেন তিনি। পাশাপাশি এও বলেন, “থানায় কালীমূর্তি থাকা দরকার। চোর যখন থানায় ঢুকবে, তখন মনে মনে বলবে মা যেন ছাড়া পাই। আর পুলিশ যখন বেরোবে, তখন প্রার্থনা করবে, আসামি যেন ধরা পড়ে।”










