নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধের দাম এক ধাক্কায় কমলো অনেকটাই। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) যে নতুন তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে বেশ কয়েকটি জেনেরিক ও বায়োসিমিলার ক্যান্সারের ওষুধের খুচরো দাম কমেছে ৯০ শতাংশেরও বেশি। কিছু ওষুধের দাম কমলো প্রায় ৯৩ শতাংশ। তবে সব ক্যান্সারের ওষুধের ক্ষেত্রে দাম কমেনি।

এদের মধ্যে কয়েকটি ওষুধ হলো-
Palbopro: স্তন ক্যান্সারের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবহৃত palbociclib-এর এই ব্র্যান্ডের ১২৫ মিলিগ্রামের ২১টি ক্যাপসুলের প্যাকের দাম ৪০,৪২১.৩৩ টাকা থেকে কমে ২,৭২০ টাকা হয়েছে।
Abiralive: প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত abiraterone acetate-এর ২৫০ মিলিগ্রামের ১২০টি ট্যাবলেটের প্যাকের দাম ২৮,০০০ টাকা থেকে কমে ৪,৮৪০ টাকা হয়েছে।
Womazol: স্তন ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত anastrozole-এর ১০টি ট্যাবলেটের প্যাকের দাম ৪৫৮.৮৫ টাকা থেকে কমে ৩৯.৫২ টাকা হয়েছে।
Ivzumab: বিভিন্ন ধরণের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত bevacizumab-এর ৪০০ মিলিগ্রামের একটি ভায়ালের দাম ৬৯,৮৫২.১২ টাকা থেকে কমে ১৩,৫১২ টাকা হয়েছে।
Samtepa: কেমোথেরাপিতে ব্যবহৃত thiotepa-র ১০০ মিলিগ্রামের একটি ভায়ালের দাম ৮০,০৭১.৮৬ টাকা থেকে কমে ৭,১৫০.৩৩ টাকা হয়েছে।

NPPA-এর নতুন তালিকায় ৬৫টি ওষুধের দামে বদল হয়নি। বলা হয়েছে, ওগুলি সিঙ্গল-সোর্স ওষুধ অথবা পেটেন্ট নেওয়া ওষুধ। সেই কারণে দাম কমানো যায়নি। ওই তালিকায় Keytruda রয়েছে, এই ওষুধটি ক্যান্সারের ইমিউনোথেরাপিতে ব্যবহার করা হয়। এই ওষুধটির ১০০ মিলিগ্রামের একটি ভায়াল হয়, সেটির দাম ২,১৬,৫০০ টাকা, আগের মতোই রয়েছে। আরও কিছু ক্যান্সারের ওষুধের দামও অপরিবর্তিত রয়েছে। NPPA-র প্রকাশিত সংশোধিত দাম ৯ ই নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে। সংস্থাগুলিকে সংশোধিত দামের তালিকা বের করে তা সংশ্লিষ্ট জায়গায় জানাতে বলা হয়েছে। সেই মতো হাসপাতাল ও ওষুধের দোকানেও নতুন দামে বিক্রি হবে।
Sponsored Ads
Display Your Ads Here









