নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ইন্ডিয়া জোটের নির্বাচন কমিশন অভিযান নিয়ে উত্তপ্ত দিল্লি। বিরোধী সাংসদদের মিছিল আটকে দিল পুলিশ। রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীরা ব্যারিকেডের উপরে উঠে বসেন। তাদের আটক করে পুলিশ। আটক করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েনকেও। ব্যারিকেড আটকে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন ইন্ডিয়া জোটের সাংসদরা। রয়েছেন মল্লিকার্জুন খাড়্গে, পি চিদাম্বরমও।

আজ সংসদ চত্বর থেকে নির্বাচন কমিশন পর্যন্ত অভিযান করছে ইন্ডিয়া জোটের সাংসদরা। শুরু থেকেই টানটান উত্তেজনা। মাঝপথে তাদের আটকে দিলে, লাউডস্পিকার হাতে নিয়ে ব্যারিকেডের উপরে উঠে যান রাহুল গান্ধী। অভিষেক-মহুয়াদের আটক করলেও, ঘুরপথে নির্বাচন কমিশনে পৌঁছনোর চেষ্টা করেন রাহুল গান্ধী। আকাশবাণী ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করেন রাহুল গান্ধী। দীর্ঘক্ষণ ধাক্কাধাক্কির পর অবশেষে আকাশবাণী ভবনের ভিতরে ঢুকে পড়েন।

সেখানেই ধর্না অবস্থানে বসেছেন রাহুল এবং প্রিয়ঙ্কা গান্ধী। বাইরে এখনও দাড়িয়ে রয়েছেন কেসি বেণুগোপালরা। তাদের পথ আটকে রেখেছে পুলিশ। আকাশবাণী ভবন থেকে নির্বাচন কমিশনের দূরত্ব মাত্র ১০০ মিটার। আকাশবাণী চত্বরের ভিতর দিয়ে কমিশন ভবন পৌঁছানো যায়। সেই চেষ্টাই করছেন রাহুল। বিরাট-পুলিশ বাহিনী বাইরে অপেক্ষা করছে। আকাশবাণী ভবনের ভিতরেও ঢুকেছে দিল্লি পুলিশ। রাহুল গান্ধীকে বের করার চেষ্টা করছে পুলিশ। তবে রাহুল গান্ধী অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়ে দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here









