রায়া দাসঃ কলকাতাঃ গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে অশান্তি পাকানো এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ উঠলো। এই অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে। তিন ধৃতের নাম শেখ সলমন, মহম্মদ সাহিল এবং সানাউদ্দিন খান।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ হাসপাতালে বিশৃঙ্খলার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় পুলিশ। তারা জানতে পারে, আইএসএফ-এর তিন কর্মী-সমর্থক বেআইনি ভাবে হাসপাতালের ওপিডি-র একটি সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ে ভিডিয়ো রেকর্ডিং করতে শুরু করেন। অভিযোগ, শুধু ভিডিয়ো তোলাই নয়, কিছু উস্কানিমূলক কথাবার্তাও বলেন তাঁরা। তার জেরেই অশান্তি ছড়ায় হাসপাতালে। আর অশান্তির সময়ে তাঁরা হাসপাতালের পুলিশকর্মীদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন। তাঁদের সঙ্গে ধস্তাধস্তিও হয়। অভিযুক্তদের বিরুদ্ধে, ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ১৩২, ৩২৯(৩) এবং ৩৫(৩) ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।










