রায়া দাসঃ কলকাতাঃ আজ সকালে ফোর্ট উইলিয়ামের দিক থেকে ভিক্টোরিয়ার দিকে যাওয়ার সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। এর জেরে গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। একশো কিলোমিটার গতিতে গাড়ি চালাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ সূত্রে খবর, গাড়ির গতি এতটাই বেশি ছিল যে ধাক্কার জেরে দুটি প্রকাণ্ড গাছ ভেঙে উপড়ে গিয়েছে। শনিবার সকালে এই দুর্ঘটনার পর চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় ওই চালক গাড়ি চালাচ্ছিলেন। সজোরে ধাক্কার জেরে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে এয়ার ব্যাগ থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন গাড়ির চালক। উল্লেখ্য, সকালের দিকে ফোর্ট উইলিয়ামের পাশের এই রাস্তায় বহু মানুষ প্রাতঃভ্রমণে আসেন। সেইসময় এই দুর্ঘটনা ঘটলে বড়সড় ক্ষতি বা প্রাণহানির আশঙ্কা থাকত বলেই পুলিশ মনে করছে।










