নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ ‘জগদীশের চামড়া, তুলে দেব আমরা’ সিতাইয়ের সাংসদ জগদীশ বসুনিয়ার বাড়ির সামনে এই স্লোগান তুলে ফের প্রবল বিক্ষোভ। তৃণমূল ছেড়ে এনসিপিআই (NCPI) শিবিরে যাওয়ার পরই একাধিকবার সাংসদের বাড়ির সামনে বিক্ষোভ চলেছে। এমনকী, এলাকায় ঢুকেও মধ্যরাতে সস্ত্রীক ফিরতে হয় তাঁকে। এই আবহের মধ্যে ফের একবার বিক্ষোভের মুখে তিনি। বিক্ষোভকারীদের দাবি, “পাপ ধুয়ে বিজেপিতে আসতে হবে।”

প্রায় চার মাস পর রবিবার ভোর পাঁচটা নাগাদ পুলিশি নিরাপত্তায় বাড়ি ফিরেছিলেন বসুনিয়া। তাঁর বাড়ি ফেরার পর থেকেই সিতাইয়ে দফায় দফায় বিক্ষোভ হয়। এর আগে তৃণমূল কংগ্রেসের সিতাই পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সাংসদদের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন একাংশ। পরে সোমবারও সিতাইয়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাংসদের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন ছিল সিতাই থানার পুলিশ। এরপর সোমবার সন্ধ্যা ছ’টা নাগাদ ফের সাংসদের বাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি যাতে কোনওভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য আগে থেকেই বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন করা হয়।

জগদীশ বসুনিয়া বাড়ি ফেরার পর পরপর দু’দিন বিক্ষোভের ঘটনায় নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে সিতাইয়ে। কেন বারবার সাংসদের বাড়ির সামনে বিক্ষোভ হচ্ছে এবং এর নেপথ্যে কোনও রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এক বিক্ষোভকারী বলেন, “উনি বিজেপিতে আসতে চান ভালো কথা। কিন্তু সিতাইয়ের মানুষের কাছে যে পাপ করেছেন, সেই পাপ কীভাবে ধোবেন? ওই পাপ ধুয়ে আসুন। সাধারণ মানুষের উপর যে অত্যাচার করেছেন, তার ক্ষমা চাইতে হবে।” মূলত, জগদীশ বসুনিয়া দাবি করেছেন, তিনি সহ ১৭ জন এনসিপিআই সাংসদ বিজেপি-তে যোগ দেবেন পুজোর পর। যদিও বাকিরা এখনও সেই বিষয়ে মুখ খোলেননি।
Sponsored Ads
Display Your Ads Here









