নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ টানা বৃষ্টিতে আজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি শেড ধসে পড়লো। এই ঘটনার জেরে ৬ জন রেলকর্মী আহত হয়েছেন। এর জেরে ‘জয় রাইড’ পরিষেবা স্থগিত রাখা হয়েছে। আহত রেলকর্মীদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে খবর।

হিমালয়ান রেলওয়ের অধিকর্তা ঋষভ চৌধুরী জানিয়েছেন, এই ঘটনায় রেলের লোকোমোটিভ বা ইঞ্জিনগুলোর কোনও ক্ষতি হয়নি। সেগুলো অক্ষত রয়েছে। তিনি জানান, আহত সকল কর্মী প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। বর্তমানে এনজেপি (NJP)-দার্জিলিং-এনজেপি রুটের দূরপাল্লার টয় ট্রেন পরিষেবা চালু রয়েছে বলে জানান তিনি। টানা বৃষ্টির ফলে দার্জিলিং পাহাড়ের বিভিন্ন এলাকায় জনজীবন ইতিমধ্যেই ব্যাহত হয়েছে। ঐতিহাসিক টয় ট্রেনের শেডে ভেঙে পড়ার ঘটনা যাত্রী ও রেলকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।










