"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সুইস গেট বন্ধ থাকায় জল ঢুকে নষ্ট হচ্ছে ফুলচাষ

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ সেচের কাজের জন্য রূপনারায়ণ নদ থেকে গ্রামের মধ্যে একটি খাল কাটা হয়েছিল। সেই খালের মাঝে একটি সুইস গেটও নির্মাণ হয়। দীর্ঘ কয়েক বছর ধরে ওই সুইস গেট খারাপ হয়ে যাওয়ার জন্য সেচের জমিতে প্রয়োজনে জল তো যাচ্ছেই না, উল্টে নদীতে উচ্চ জোয়ারের সময়ে জল ঢুকে গ্রামের জমির ফসল ও বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে প্লাবিত হচ্ছে ফুলচাষের জমি। বিরাট ক্ষতির মুখে পড়েছেন এলাকার কৃষিজীবীরা। এলাকাটি হলো বাগনান দু’নম্বর ব্লকের ওড়ফুলি গ্রাম পঞ্চায়েত এলাকা। হাওড়া জেলার শেষ সীমানা এলাকা ওড়ফুলি গ্রাম পঞ্চায়েত। এই গ্রামের প্রধান চাষ বলতে ফুলচাষ।

রূপনারায়ণ নদ দিয়ে খালটি ওড়ফুলি গ্রাম পঞ্চায়েতের কাঁটাপুকুর হাইস্কুলের পাশ দিয়ে রানা, বাঁকুড়দহ, হেলেদ্বীপ, পোড়াদহ, ভুলগেড়িয়া-সহ একাধিক গ্রামের উপর দিয়ে গিয়ে দামোদর নদের সঙ্গে মিশেছে। রূপনারায়ণের অদূরে কাঁটাপুকুর হাইস্কুলের পাশে একটি সুইস গেট নির্মাণ করে সেচ দপ্তর। উদ্দেশ্য ছিল, চাষের কাজে পরিমাণমতো জল ছাড়ার জন্য গেট খুলে দেওয়া। অন্য দিকে, অতিরিক্ত জলে যাতে এলাকায় চাষাবাদের ক্ষতি না হয়, তাই সময়মতো গেট বন্ধ করে দেওয়ারও ব্যবস্থা ছিল। কয়েক বছর আগে ওই সুইস গেটের কপাট খারাপ হয়ে যাওয়ায়, সেখানে বিকল্প ব্যবস্থা হিসেবে টিন দিয়ে কপাটটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

এলাকার বাসিন্দা শেখ আনোয়ার বলেন, ‘গেটটি টিন দিয়ে বন্ধ করার পরে নতুন করে সমস্যা হলো, প্রয়োজনের সময়ে জল পাওয়া যায়নি। অন্য দিকে, দীর্ঘদিন জল লাগার ফলে সুইস গেটের টিনে ক্ষয় ধরার ফলে, তার কার্যকারিতা নষ্ট হয়ে গিয়েছে। যে কারণে রূপনারায়ণে বড় জোয়ার এলেই, খাল পার্শ্ববর্তী কয়েক হাজার চাষের জমিতে জল উঠে পড়ে।’ উল্লেখ্য, এই চাষের জমির মধ্যে মধ্যে সিংহভাগই ফুলের চাষের জমি আছে। সেই জমিও জলমগ্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হন ফুলচাষিরা।


ফুলচাষকে কেন্দ্র করে বাগনান অ্যাগ্রো প্রোডিউসার কোম্পানি লিমিটেড নামে একটি সংগঠন আছে। সেই সংগঠনের সভাপতি পুলক ধাড়া বলেন, ‘ওই এলাকায় বর্তমানে সুইস গেট ঠিকঠাক না থাকায়, উচ্চ জোয়ারের সময়ে প্রচুর পরিমাণে জল ঢুকে পড়ে এবং বিস্তীর্ণ ফুলচাষের জমি প্লাবিত হয়। এর ফলে কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।’ সংস্থার দাবি, এই সমস্যার কারণে আশপাশের প্রায় ১০টি গ্রামের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং প্রায় ২,০০০ কৃষক এর ফলে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অন্য দিকে, কাঁটাপুকুর হাইস্কুলের পাশেই রয়েছে এই সুইস গেট। গেট কাজ না করার ফলে, জল জমে এক দুর্গন্ধযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। ছড়াচ্ছে দূষণও।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31