নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ আজ ওড়িশার পুরী স্টেশনে ঢোকার মুখে প্রায় পাঁচশো মিটার আগে তিন নম্বর প্ল্যাটফর্মের কাছে তালচের-পুরী মেমু বেলাইন হয়ে যায়। ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে বলে খবর। কিন্তু ট্রেনটি সে সময়ে ধীর গতিতে চলায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কোনো যাত্রীর হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। ঘটনাটির খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরী হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, তালচের থেকে পুরীর দিকে আসছিল MEMU ট্রেনটি। পুরী স্টেশনের কাছে পৌঁছনোর সময়ে আচমকাই ইঞ্জিনের চাকা লাইন থেকে পিছলে সরে যায়। ট্রেনটি তখন তুলনামূলক কম গতিতে চলছিল। ফলে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার পরেই রেলের কর্মীরা এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) ঘটনাস্থলে পৌঁছে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে লাইনচ্যুত ইঞ্জিনটি সরানোর কাজ শুরু হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ট্র্যাক পরীক্ষা করে দ্রুত পরিষেবা স্বাভাবিক করারও চেষ্টা চলছে।

লাইনচ্যুত ইঞ্জিনটি ট্র্যাকে আটকে থাকায় ওই অংশে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে প্রাথমিক ভাবে অন্য কোনও ট্রেনের পরিষেবা উল্লেখযোগ্য ভাবে প্রভাবিত হয়নি বলে জানা গিয়েছে। রেলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় লাইন পরিষ্কার এবং ইঞ্জিন সরানোর কাজ শুরু করেন। ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। রেল কর্তৃপক্ষের তরফে বিস্তারিত তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। প্রযুক্তিগত ত্রুটি, ট্র্যাকের কোনও সমস্যা নাকি অন্য কোনও কারণে ইঞ্জিনটি লাইনচ্যুত হল, তা তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে।
Sponsored Ads
Display Your Ads Here









