নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ স্বাধীনতা দিবসের আগে দিল্লি হাইকোর্ট, এয়ারপোর্টে টার্মিনাল তিন সহ ছয় জায়গায় বোমাতঙ্ক। ইমেইল আছে, এই জায়গাগুলিতে বোমা রাখা আছে। জামনগর হাউস, ঝান্ডেওয়ালা বিল্ডিং, এমবি সাকেত অফিস, ডিএম অফিস সহ বিভিন্ন জায়গায় ইমেইল এসেছে। এই মেইল আসার পরই বেড়েছে তৎপরতা। ইমেল-এর সত্যতা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

জানা গিয়েছে, আজ সকালে দিল্লি হাইকোর্ট, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সহ একাধিক জায়গায় বোমাতঙ্ক ছড়ায়। ওই হুমকি ইমেইলে লেখা আছে, “ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @২.১১”। এই ইমেইল পেতেই শোরগোল পড়ে যায়। ইতিমধ্যেই ইমেইলে উল্লেখিত জায়গাগুলিতে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। চলছে তল্লাশি। সূত্রের খবর, এই হুমকির পিছনে খালিস্তানের হাত থাকতে পারে। কারণ পাঠানো ইমেইলে খালিস্তান লেখা ছিল। ইমেইলে হুমকি দিয়ে বলা হয়েছে, দিল্লিকে খালিস্তানে পরিণত করে দেওয়া হবে। ওই হুমকি ইমেইলে আরও উল্লেখ করা হয়েছে যে শনিবার, ১৫ অগস্ট দুপুর ২টো ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে বোমা বিস্ফোরণ হবে। এর এক ঘণ্টা পর থেকে জেলা আদালতে বিস্ফোরণ হবে।

হুমকি মেইলে বলা হয়েছে, “দিল্লি কোর্ট শুধু শিখদের বিরুদ্ধে মামলা শোনে”। ইতিমধ্যে শিখরা দিল্লিতে পৌঁছে গিয়েছে বলেও দাবি করা হয়েছে। দিল্লি হাইকোর্ট, বিমানবন্দরের পাশাপাশি জামনগর হাউস, ঝান্ডেওয়ালা বিল্ডিং, এমবি সাকেত অফিস, ডিএম অফিসও উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। দিল্লি মেট্রো ও অম্বালাগামী ট্রেনেও হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকি ইমেইলের উৎস সন্ধান করছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এই ঘটনায়।
Sponsored Ads
Display Your Ads Here









