রায়া দাসঃ কলকাতাঃ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে নিম্নচাপের জন্ম হয়েছে। আরও শক্তি বাড়িয়ে রাজ্যের কাছে আসবে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে ১৫ অগাস্ট পর্যন্ত সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এ ক’দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, পাশ্ববর্তী এলাকা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

হাওয়া অফিস বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। বুধবার সকাল থেকে আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও সন্নিহিত এলাকাগুলিতে। আজ উপকূল ও পশ্চিমাঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতা-হাওড়ায়। বৃষ্টির মধ্যে ঘনঘন বজ্রপাতের আশঙ্কা। গত কয়েকদিনে ঝড়বৃষ্টির মাঝে প্রবল বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে ঝড়বৃষ্টির সময়ে মেঘ ডাকলে কংক্রিটের নীচে থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।










