নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের সাগরদিঘি থানার মনিগ্রাম বটতলা এলাকার একটি জঙ্গল থেকে এক বিজেপি কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম লোকেশ রাজমল্ল। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। গতকাল রাতেরবেলা থেকেই লোকেশ নিখোঁজ ছিলেন।

আজ সকালবেলা স্থানীয় বাসিন্দারা ঝোঁপের মধ্যে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান। সূত্রের খবর, নিহতের গলায় গাছের লতা প্যাঁচানো ছিল। খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। বিজেপি নেতৃত্বের দাবি, স্পষ্ট যে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। বিজেপির জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট ভবানীপ্রসাদ চট্টোপাধ্যায় বলেন, “যে ভাবে দেহ পড়েছিল, সেটা দেখলেই বোঝা যাচ্ছে এটা খুন। রাতে বাড়িতে ফেরেনি। বারবার ফোন করেও পাওয়া যাচ্ছিল না। সকালে রক্তাক্ত দেহ উদ্ধার হয়।” যদিও মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে ও দোষীদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।










