অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রাজ্য সরকারী কর্মচারীদের জন্য বড় খবর। সপ্তম পে কমিশন গঠন করল রাজ্য সরকার। ভোটের আগেই বেতন কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। অবশেষে তা বাস্তবায়িত হচ্ছে। আজ, বুধবার অর্থ দফতর আনুষ্ঠানিকভাবে সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করল।

নবান্ন থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পে কমিশনের আওতায় সরকারি কর্মচারীদের বেতন, ভাতা, ডিএ (DA) এবং অন্যান্য সুবিধা পর্যালোচনা করা হবে। বর্তমান ডিএ কাঠামো পর্যালোচনা করে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। ট্রাভেল অ্যালাউয়েন্স সহ অন্যান্য ভাতা খতিয়ে দেখা হবে। পেনশন সহ অবসরকালীন অন্যান্য স্কিম, স্বাস্থ্য সংক্রান্ত সুবিধার বিষয়েও আলোচনা হওয়ার কথা বলা হয়েছে। ২০১৬ সালে কেন্দ্রীয় স্তরে কার্যকর হয়েছে সপ্তম বেতন কমিশন। বর্তমানে এ রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশন অনুসারে বেতন পান।

সপ্তম পে কমিশন চালু হলে অনেকটা বেতন বাড়বে কর্মীদের। বর্তমানে রাজ্য ও কেন্দ্রের বেতনের মধ্যে যে বিশাল ব্যবধান রয়েছে, তা ঘুচে যাবে। বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা এবং চিকিৎসা ভাতার পরিমাণ বর্তমানের তুলনায় বৃদ্ধি পাবে। সপ্তম পে কমিশনের মূল ভিত্তি হল ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর। অর্থাৎ, আগের পে-কমিশনের তুলনায় মূল বেতন গড়ে ২.৫৭ গুণ বৃদ্ধি পায়। আর ষষ্ঠ পে কমিশনে রাজ্যের হারে তিনি যদি ডিএ পান ১৪ শতাংশ, তাহলে এই সপ্তম পে কমিশন লাগু হলে কেন্দ্রীয় হারে বর্তমানে ৫০ শতাংশ বা তার বেশি হবে।
Sponsored Ads
Display Your Ads Here









