রায়া দাসঃ কলকাতাঃ রাজ্যে শুরু হবে গোকুল মিশন প্রকল্প। যেখানে গোমাতা পালন থেকে দুগ্ধ শিল্প বিষয়ের নানা কর্মসূচি থাকবে বলে জানা যাচ্ছে। বাংলার মানুষ যাতে অল্প দামে দুধের পরিষেবা পেতে পারে সেটা দেখা হবে। পাশাপাশি বেআইনিভাবে গো হত্যা বা বাংলাদেশের গরু পাচারও বন্ধ করা হবে গোকুল মিশন প্রকল্পের হাত ধরে। আগে কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্পই রাজ্যে রূপায়ণ হতো না। এখন কেন্দ্রীয় প্রকল্পগুলো স্বচ্ছন্দে রূপায়িত হবে। এদিন গোশালা মালিকদের সঙ্গে একটি বৈঠকের পর এ কথা জানান মন্ত্রী দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ এও বলেন, “দেশের যে আইন আছে ওটাকেই আমরা সামনে রাখছি। নতুন কিছু নয়। সর্বত্র আইনের শাসন হওয়া দরকার। পুলিশ কাজ শুরু করে দিয়েছে।” প্রসঙ্গত, বাংলায় ক্ষমতার হস্তান্তর হওয়ার পর থেকেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছে বিজেপি সরকার। নেওয়া হচ্ছে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ। নতুন সরকার পথচলা শুরু করতেই পঞ্চায়েতের পাশাপাশি প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রকেরও দায়িত্ব এসেছে দিলীপের কাঁধে। দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছেন তিনি।

শুরুতেই দিলীপ জানিয়েছিলেন ৬ হাজার কর্মী নিয়োগের কথা। সাফ বলেছিলেন, “কথা হয়েছে বিভাগের অনেকের সঙ্গে। চাকরির নিয়োগের জন্য প্রায় সাড়ে ৬ হাজারের শর্ট লিস্ট করা হয়েছিল। আপাতত সেইটাই তৈরি হচ্ছে। কর্মচারি নেই, সেই কারণে কাজগুলো পড়ে আছে। এক-একজন চারটে পঞ্চায়েত দেখেন। কাজ দেরি হচ্ছে। আপাতত ক্লিয়ার করব।” একইসঙ্গে মা ক্যান্টিন নিয়েও বড় কথা বলেছিলেন তিনি। ৫ টাকা ডিম ভাতের পাশাপাশি মাছ ভাতের কথাও শোনা গিয়েছিল। এবার গোশালা নিয়ে দেখা যাচ্ছে নতুন আশার আলো।
Sponsored Ads
Display Your Ads Here










