অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ নির্বাচনের আগের দিন কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্র থেকে গ্রেপ্তার বিজেপি-র এক নেতা। ধৃত বিজেপি নেতার নাম সন্দীপ ভৌমক ওরফে পাপাই। INTTUC-এর এক নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত বিষয়টি নিয়ে কোনও দলের তরফে প্রতিক্রিয়া মেলেনি।

অভিযোগ, সিঁথি থানার অন্তর্গত কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন হালদারকে হোয়াটসঅ্যাপে হুমকি দেন ওই বিজেপি নেতা। হোয়াটসঅ্যাপে তৃণমূলের উদ্দেশে লেখা হয়, ‘৫ মে হয় তোর ডেডবডি যাবে, নয় আমার। মেসেজ আর নম্বরটা সেভ করে রাখিস। আমার নাম পাপাই।’ অভিযুক্তের মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট তুলে কলকাতা পুলিশ কমিশনার ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান তৃণমূল নেতা।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিঁথি থানার পুলিশ। ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ভোটের মুখে একজনকে হুমকি প্রদর্শন ও ভীতির পরিবেশ তৈরিতে ইন্ধন দেওয়ার অভিযোগে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
Sponsored Ads
Display Your Ads Here










