নিজস্ব সংবাদদাতাঃ নবদ্বীপঃ নবদ্বীপে এক অজ্ঞাতপরিচয়ের মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত মহিলার বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর। এদিন এলাকাবাসীরা ওই মহিলার দেহ পূর্ব রেলের ব্যান্ডেল-কাটোয়া শাখার বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্ল্যাটফর্মের কাছে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে রেল পুলিশ সহ নবদ্বীপ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

জানা গেছে, যে এলাকা থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে, সেখানে একটি মদের দোকান রয়েছে। কিন্তু এই ঘটনা ঠিক কি কারণে ঘটেছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আপাতত মৃত মহিলার পরিচয় জানতে ওই মহিলার ছবি নদীয়া, বর্ধমান ও আশেপাশের জেলাগুলির পুলিশ কন্ট্রোল রুমে পাঠানো হয়েছে। পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এদিকে, এদিন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। আর নাম না করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘‘এই তো নবদ্বীপের শান্তির ছবি। এর আগেও এখানে এই ধরণের একাধিক ঘটনা ঘটেছে। তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আজও এই বাংলায় মহিলারা সুরক্ষিত নয়, এটাই তার জ্বলন্ত উদাহরণ!’’ বিজেপি প্রার্থীর সন্দেহ, ওই মহিলাকে অন্যত্র খুন করে বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের কাছে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here










