অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ১টা ৬ মিনিট নাগাদ ব্লু লাইনে কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা। ফলে বেশ কিছুক্ষণের জন্য পরিষেবা ব্যাহত হয়ে পড়ে। এর জেরে ময়দান থেকে দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেন মেট্রো রেল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়, এ দিন দুপুরে এক যাত্রী আপ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার জেরেই আংশিক ব্যাহত হয় পরিষেবা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। দুপুর দেড়টার কিছু পরে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ১টা ২৯ মিনিট থেকে ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক হয়েছে।

এদিন দুপুরে কালীঘাট মেট্রো স্টেশনের আপ লাইনে যখন ট্রেন ঢুকছে, তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক যাত্রী আচমকাই ট্র্যাকে ঝাঁপ মারেন বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন মেট্রো কর্তৃপক্ষ। চলে জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ। এর জেরে ২০ মিনিটেরও বেশি সময় মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। নাকাল হতে হয় যাত্রীদের। পর পর একাধিক স্টেশনে মেট্রো দাঁড়িয়ে পড়ে। যদিও এখন পরিষেবা স্বাভাবিক। উল্লেখ্য, ব্লু লাইন কলকাতা মেট্রোর অন্যতম গুরুত্বপূর্ণ লাইন। কম সময়ে শহরের উত্তর থেকে দক্ষিণে যোগাযোগের অন্যতম নির্ভরযোগ্য রুট এটি। প্রতিদিন প্রচুর মানুষ এই রুটে যাতায়াত করেন।











