নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ কোচবিহার শহরের এক নম্বর ওয়ার্ডের শ্যামাপ্রসাদপল্লী এলাকায় স্ত্রীকে খুনের অভিযোগ উঠলো এক জন শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক রাজদীপ বড়ুয়া ১৭৭ নম্বর বুথের এক জন বিএলও ছিলেন। মৃতার নাম অম্বালিকা সরকার। অভিযোগ, গতকাল রাতেরবেলা রাজদীপবাবু নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে অম্বালিকার গলায় চালিয়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজদীপবাবু ভীষণ নেশা করত। আর প্রায় নিত্যদিনই অম্বালিকার সাথে অশান্তি লেগে থাকত। আর মাদকগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে স্ত্রীর ওপর অত্যাচার করতেন। এদিন রাতেরবেলাও বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা গিয়েছিল। কিন্তু প্রতিদিনের ঘটনা ভেবে কেউ বিশেষ গুরুত্ব দেননি। সন্ধ্যাবেলার পর বাড়ির ভিতর থেকে গোঙানির শব্দ শুনতে পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন।

এরপর বাড়ির ভিতর ঢুকে অম্বালিকাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তাকে উদ্ধার করে কোচবিহার এমজেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত অম্বালিকার কাকা জানান, “প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি এসেই অশান্তি করত। এদিনও তার ব্যতিক্রম হয়নি। বাড়িতে এসেই স্ত্রীর সাথে ঝগড়া শুরু করে। আর ঘরেই ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দেয়।” এই ঘটনায় পুলিশকে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে রাজদীপকে গ্রেফতার করেছে।
Sponsored Ads
Display Your Ads Here









