নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ হুগলীর আরামবাগ বিডিও অফিস চত্বরে যুবসাথী ও ভূমিহীনদের জন্য ফর্ম তুলতে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষের ভিড়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরী হয়। ঠেলাঠেলি থেকে ধস্তাধস্তি এমনকি ফর্ম কাড়াকাড়িও শুরু হয়ে যায়। কোনো নিয়মশৃঙ্খলা নেই। ফলে শ্বাসরোধ হওয়ার মত অবস্থা হয়ে পড়ে। প্রচুর ভিড়ের মধ্যে ফর্ম নিয়ে কাড়াকাড়ি এবং ধস্তাধস্তির জন্য অনেকেই অসুস্থ বোধ করেন।

এদিন এমনই পরিস্থিতি সৃষ্টি হয় যে, যা পুলিশ মোতায়েন ছিল তারা পরিস্থিতি কিছুই সামাল দিতে পারেনি। পুলিশকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রীতিমতো নাস্তানাবুদ হতে হয়। তাতেও গন্ডগোল বা হুড়োহুড়ি কোনো কিছুই বন্ধ হয়নি। ধস্তাধস্তি চলছেই। প্রসঙ্গত, অনেকেই সরকারী ভাতার ফর্ম তুলতে দূর-দূরান্তর থেকে বিডিও অফিসে এসেছেন। কেউ তার কোলের শিশুকেও নিয়ে এসেছেন। অনেকে আবার লাইনে দাঁড়িয়ে ছিটকেও যান। আর কেউ কেউ তো আবার পরিস্থিতি বেগতিক দেখে বাধ্য হয়ে ফর্ম না নিয়েই চলে যান।










