নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ আজ মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ডাবরা শহরে নবগ্রহ মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এদিন মন্দিরে কলস পীঠ যাত্রার সময় ভক্তদের ঠেলাঠেলিতে এই চরম বিপত্তি ঘটে। এই দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে ৭০ বছর বয়সী এক জন বৃদ্ধার মৃত্যু হয়েছে। আর পদদলিত হয়ে ৭ জন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, মন্দিরের দ্বারোদঘাটন উপলক্ষ্যে হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছিলেন। পুজোর পর ঘটের জল ছিটিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু ওই শান্তির জল মাথায় নেওয়ার জন্য ভক্তরা হুড়োহুড়ি শুরু করলে ভক্তদের পায়ের তলায় চাপা পড়ে ওই বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আর বহু মানুষ আহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে তিন জনকে গোয়ালিয়রের একটি হাসপাতালে ও বাকি চারজন দাবরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।










