মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ রান্নাঘরে রাখা জলভর্তি গামলায় ডুবে মৃত্যু হলো দেড় বছরের এক শিশুর। বাড়ির লোক টের পেয়ে ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বারাসতের হাটখোলা এলাকার ঘটনা। ওই শিশুর বাবা-মা বছর দেড়েক ধরে আলাদা থাকেন। শিশুর মৃত্যুর পরে তাঁদের মধ্যে শুরু হয়েছে চরম বিবাদ। বাবার অভিযোগ, শিশুর মা মোবাইল গেমে মত্ত থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
মৃত শিশুর নাম প্রিয়াংশু বাড়ুই। তার বাবার নাম বিপ্লব বাড়ুই, মায়ের নাম স্নেহা মণ্ডল। সন্তান জন্মানোর সময় থেকেই তাঁরা আলাদা থাকে বলে স্থানীয় বাসিন্দা সূত্রের খবর। যদিও সন্তানকে নিয়ে দু’জনের মধ্যে টানাহেঁচড়া ছিল না বলে জানা গিয়েছে। বিপ্লবের অভিযোগ, ‘ওদের ঘরে ২০-২২ জন রয়েছে। কেউ দেখল না? এটা হতে পারে? ওর মা গেম খেলছিল, কানে হেডফোন লাগিয়ে খেলছিল। কোনও খেয়াল নেই। আমি খবর পেয়ে যখন ওই বাড়ি গিয়েছি। সবাই ছেঁকে ধরল।’
যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন শিশুর মা স্নেহা মণ্ডল। তিনি বলেন, ‘আমি জামাকাপড় ভাঁজ করছিলাম। বাড়ির অন্য এক সদস্যের কাছ থেকে এসেছিল, তারপরে আবার চলে যায়। কোনওদিন রান্নাঘরে যেত না আমার ছেলে।’ তাঁর দাবি, ‘আমি গেম খেলি ঠিকই, কিন্তু সেটা একমাত্র আমার ছেলে ঘুমিয়ে থাকলে। অন্য সময়ে খেলি না।’ স্নেহার বাড়ির লোকের দাবি, তাঁদের বাড়িতে মোটেও ২০-২২ জন থাকেন না। যখন এই ঘটনা ঘটেছে, তখন ৪-৫ জন লোক ছিলেন। রান্নাঘরে শিশুটি যেত না, বলে প্রথমে বোঝাও যায়নি। শিশুর মৃত্যু ঘিরে তুমুল তরজা শুরু হয়েছে দু’পক্ষের।









