ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ আজ সকাল প্রায় ৭টা নাগাদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন লেগে মৃত্যু হলো ১৫ সদ্যোজাত শিশুর। বুধবার সকালে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের গাইনোকোলজি ওয়ার্ডের নার্সারিতে আগুন লাগে। আগুন লাগার সময়ে সেখানে মোট ১৬টি সদ্যোজাত শিশু ছিল। উদ্ধার করা গিয়েছে মাত্র একজন শিশুকে।

স্থানীয় সূত্রের খবর, এদিন হাসপাতালের তৃতীয় তলায় থাকা মাদার অ্যান্ড চাইল্ড হেলথ ওয়ার্ডের নার্সারিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় সেখানে থাকা শিশুদের বের করে আনা কঠিন হয়ে পড়ে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর পাশাপাশি হাসপাতালের অন্য অংশ থেকেও রোগীদের সরিয়ে নিয়ে যায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নার্সারির ভিতরে থাকা এয়ার কন্ডিশনারের কম্প্রেসারে বিস্ফোরণ হয়। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার তদন্তের জন্য প্রশাসনের তরফে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত ডেপুটি কমিশনার। আগুন কীভাবে ছড়াল এবং হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
ইসলামাবাদ জেলা প্রশাসন জানিয়েছে, আগুন নেভানোর কাজে ছ’টি ফায়ার ব্রিগেডের ছয়টি ইঞ্জিন পাঠানো হয়েছিল। চারটি অ্যাম্বুল্যান্সও ঘটনাস্থলে পৌঁছেছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পরেও হাসপাতাল চত্বরে ‘কুলিং অপারেশন’ চালানো হয়, যাতে ধোঁয়া ও অতিরিক্ত তাপের কারণে ফের আগুন ছড়িয়ে পড়তে না পারে। এই মর্মান্তিক ঘটনায় হাসপাতালের অগ্নিনিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে সদ্যোজাত শিশুদের দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও দ্রুত উদ্ধারের পরিকাঠামো কতটা কার্যকর ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।









